সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ধানমন্ডি লেক পুনঃখনন কাজের মেগা উদ্বোধন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে এর পুনঃখনন এবং লেক ঘিরে ‘নজরুল সরোবর’ নির্মাণসহ সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার লেক পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, যার প্রথম ধাপ হিসেবে আজ লেকের স্লাজ অপসারণ কাজ শুরু হলো। ডিটেইল ডিজাইন অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে।’

এ সময় লেকের পরিবেশ রক্ষায় তিনি দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘লেকের তলদেশ পরিষ্কারের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো সাজানো হবে। এছাড়া রবীন্দ্র সরোবরের মতো এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।’

ধানমন্ডি লেক পুনরুদ্ধার ও আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩.১০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৬ মিটার গড় প্রস্থের লেকটির স্লাজ (কাদা ও বর্জ্য) অপসারণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। এক বছর মেয়াদি এ কাজে দুটি ভাসমান এক্সকেভেটর ও চারটি বার্জ ব্যবহার করে মোট ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ অপসারণ করা হবে।

মাস্টারপ্ল্যানের আওতায় কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে প্রায় ৫১ কাঠা (৫০.৯৬৭ কাঠা) জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে ‘নজরুল সরোবর’। এতে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার, লাইব্রেরি, নগর বন এবং কবির পছন্দের খাবার পরিবেশনকারী বিশেষ রেস্তোরাঁ থাকবে।

এছাড়া সামগ্রিক উন্নয়ন কাজের অংশ হিসেবে লেকে তিনটি ভাসমান ডেক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার, উদ্ভিদের চিকিৎসায় ‘ট্রি হাসপাতাল’, সিসিটিভি ক্যামেরা, সীমানা বেষ্টনী ও পার্কিং সুবিধাসহ অত্যাধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কার ও নজরুল সরোবরের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে।

এনএনবাংলা/ইএস