রাতে মিরপুর-১০ এলাকা পরিদর্শন ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর মিরপুর-১০ এলাকাকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সেবার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার রাত ১১টার দিকে হঠাৎ করে নিজেই গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকায় পরিদর্শনে বের হন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি মিরপুর-১০সহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং হকার উচ্ছেদ-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদের পরও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি প্রশাসকের নজরে আসে। তিনি সংশ্লিষ্টদের এসব অবৈধ বিদ্যুৎ লাইন দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।
এ সময় হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালি হওয়া স্থানে সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিএনসিসি প্রশাসক। নগরের পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এসব কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার অবস্থা ও সংস্কার কার্যক্রম, ডাস্টবিন স্থাপন এবং নাগরিকদের দুর্ভোগ কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন প্রশাসক। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সেবার মান আরও বাড়ানোর নির্দেশনা দেন।
এদিকে মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের বিভিন্ন দেয়ালে থাকা অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সেখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের পরিকল্পনার বিভিন্ন দিকও পর্যালোচনা করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রশাসক।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুর-১০ এলাকার সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল ও স্থাপনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, নগরবাসীর স্বস্তি ও নাগরিক দুর্ভোগ কমানোই সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য। মিরপুর-১০কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
রাতের আকস্মিক এই পরিদর্শনের মাধ্যমে প্রশাসক মাঠপর্যায়ে নাগরিক সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এনএনবাংলা/এফএস
