সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে ঢাকার চারটি বার ও প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা।
শনিবার (৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানের আওতায় রয়েছে আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানসহ কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল সংগ্রহ এবং রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তারা প্রতিষ্ঠানগুলোর নথিপত্র যাচাই, তল্লাশি এবং প্রয়োজনে পণ্য আটকের কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত ওয়্যারহাউজের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউজে মদ মজুত পাওয়ার কথা জানিয়েছিল সিআইআইডি। পরে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউজই সিলগালা করা হয়।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এনএনবাংলা/
