ডেমরায় কোনাপাড়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন
রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় নবনির্মিত কোনাপাড়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে পুলিশ ফাঁড়িটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক মোহাম্মদ আহসান উদ্দিন সামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ এবং ডেমরা থানার ওসি (তদন্ত) আহসান। এছাড়া অনুষ্ঠানে কোনাপাড়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ আলতাব হোসেন, ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর হানিফ সহ পুলিশের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) বলেন, কোনাপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ি চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলায় পুলিশের কার্যক্রম জোরদার হবে। পাশাপাশি সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।
পরে অতিথিরা কোনাপাড়া পুলিশ ফাঁড়ির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এনএনবাংলা/
