অটোরিকশা ধর্মঘট-অবরোধে রাজধানীতে চরম জনভোগান্তি

রাজধানী ঢাকার বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। অবরোধের সমর্থনে আজ সোমবার (০৫ অক্টোবর) তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
ধর্মঘটের আগে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এর ধারাবাহিকতায় সোমবার সড়কে উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা চলাচল না করায় গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় অটোরিকশার ওপর মানুষের যাতায়াত অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি আরও বেড়েছে।
অটোরিকশাচালকদের দাবি, ঢাকার বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের জীবিকা ও যানবাহন পরিচালনা ব্যাহত হচ্ছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
‘গ্রহণযোগ্য নীতিমালা’র আগে রিকশা গ্যারেজে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানিয়ে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল সমাবেশ করেন অটোরিকশা চালকরা। এতে শত শত অটোরিকশা চালক সমবেত হন।
এনএনবাংলা/এফএস
