‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে সরকার এমন কোনো বড় অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরও নাকচ করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নাই।’
খুলনায় পুলিশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, যা নতুন কিছু নয়। অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। গ্রেপ্তারে বাধা দেওয়া বা আসামিকে কেউ সহায়তা করলে তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন, ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা এবং বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকারের চ্যালেঞ্জের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।’

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আজ চট্টগ্রাম সিআইডির সাইবার সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১ অক্টোবর থেকে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তাও চাওয়া হয়েছে।
তিনি বলেন, সাইবার অপরাধ, প্রতারণা ও শেয়ারবাজারে কারসাজিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে ডিজিটাল ফরেনসিক ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং অপরাধের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও প্রমাণ সংগ্রহের সক্ষমতা বাড়াতেও এসব ল্যাবের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জোন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
