সাম্প্রতিক
Skip to content

ড. ইউনূসের বার্লিন সফর বাতিল, ওয়েবসাইট থেকে সরানো হলো নাম

ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেছেন। 

জার্মান আওয়ামী লীগের ধারাবাহিক প্রতিবাদ, আইনি পদক্ষেপ এবং সোচ্চার আন্দোলনের ফলেই সামিটের আয়োজকরা ডক্টর মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাতিল করতে বাধ্য হয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, শেষ মুহূর্তে ইউনূস সম্মেলনে আর অংশ নিচ্ছেন না। সম্মেলনের যোগাযোগ ও প্রেস বিষয়ক পরিচালক আনা স্টর্মার জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণেই তিনি এই সফর বাতিল করেছেন।

জানা গেছে, সম্মেলনের প্রায় তিন সপ্তাহ আগে ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার আহ্বান জানায়। এ বিষয়ে সম্মেলনের আয়োজকদের কাছে স্মারকলিপি ও পিটিশন পাঠায় সংগঠনগুলো।

পিটিশনটি যৌথভাবে দাখিল করে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইউরোপ ও যুক্তরাজ্য), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স।

স্মারকলিপি ও পিটিশন পাঠানোর পাশাপাশি জার্মান আওয়ামী লীগ এবং জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে ৪০০ বিক্ষোভকারীর অংশগ্রহণের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার বার্লিন পুলিশ কর্তৃপক্ষ বিক্ষোভের আয়োজক মিজানুর হক খানকে ড. মুহাম্মদ ইউনূসের সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়টি জানায়। সম্মেলনের যোগাযোগ ও প্রেসবিষয়ক পরিচালক আনা স্টর্মার জানান, স্বাস্থ্যগত কারণে ড. ইউনূস সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে ডা. জোবাইদা রহমান এতে অংশ নেবেন।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ড. ইউনূসের গ্রামীণ হেলথটেক লিমিটেড নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। অন্যদিকে, সম্মেলনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসক হিসেবে পেশাগত পরিচয়ের পাশাপাশি ডা. জোবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে তিনি কাজ করছেন বলেও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’ শুরু হয়েছে রবিবার (১১ অক্টোবর)। এবারের ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এর প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সংকট এবং তা মোকাবিলার উপায় নিয়ে সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে।

সম্মেলনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানও একটি অধিবেশনে অংশ নেবেন। অন্য একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল মুহাম্মদ ইউনূসের। সম্মেলনের ওয়েবসাইটে বক্তা হিসেবে তার নামও প্রকাশ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তালিকা থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়।

এনএনবাংলা/এফএস