সাম্প্রতিক
Skip to content

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে ড. ইউনূসের নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখবে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা থাকতে পারে। তবে সেই সমালোচনার নামে কাউকে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়। বিদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে বিদেশে ড. ইউনূসের প্রাপ্য ভিভিআইপি মর্যাদা যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল কি না, তা পর্যালোচনা করা হবে। জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের হেনস্তার ঘটনায় ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের সংবাদ উপস্থাপনাও পর্যবেক্ষণে
জুলাই আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হেনস্তার ঘটনায় কিছু গণমাধ্যমের সংবাদ উপস্থাপনায় ভুক্তভোগীদেরই দায়ী করার প্রবণতা রয়েছে বলে অভিযোগের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের ফ্রেমিং সরকারের নজরে আছে। বিষয়টি পর্যবেক্ষণ করা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ।

তবে গণমাধ্যমের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ঘটনা ব্যাখ্যা করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ আইনি সীমা লঙ্ঘন করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনগত ব্যবস্থা নিতে পারেন।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রস্তুত সরকার
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারেন কি না—এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরুন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার ও সাজা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলেও সরকারের কোনো সমস্যা নেই। বরং দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের বিচারব্যবস্থার মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার নিশ্চিত করতে সরকার প্রস্তুত।

এনএনবাংলা/