চাঁদপুরে ১০ মণ ইলিশ জব্দ, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত ছয়টি নৌকা জব্দ করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌপুলিশ জানায়, রাতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই ১৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁদপুর সদর থানায় ছয়টি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও নৌকা বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ১০ মণ ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম ও প্রজনন সুরক্ষায় মেঘনা নদীতে দিন-রাত সার্বক্ষণিক তিন থেকে চারটি দল টহল দিচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
এনএনবাংলা/
