১৬ দিন বন্ধের পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ১৬ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন। কারখানা সূত্রে জানা গেছে, প্রায় আট মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ৬ অক্টোবর গভীর রাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে পরদিন ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শেষে শুক্রবার সকালে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়।
কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ত্রুটি সমাধান হওয়ায় শুক্রবার থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে।
এনএনবাংলা/এনজেড
