ভারতে আন্দোলনের মধ্যেই ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

ভারতের কর্নাটক রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। নতুন তালিকা থেকে বাদ পড়েছে ৯৯ লাখ ৩২ হাজার ভোটারের নাম, যা প্রায় ১ কোটির সমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যটিতে মোট ভোটার রয়েছেন প্রায় ৪ কোটি ৫৫ লাখ। খবর হিন্দুস্তান টাইমসের।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের আগে কর্নাটকে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লাখের বেশি। সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের স্থানান্তর, ঠিকানা খুঁজে না পাওয়া, একাধিক স্থানে নিবন্ধন এবং মৃত্যুর কারণে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
তবে ভোটার তালিকা পুনরীক্ষণকে কেন্দ্র করে রাজ্যটির রাজনীতি ও বিরোধী দলগুলোর মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে সংশ্লিষ্টদের পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়।
এ প্রক্রিয়ায় সাড়ে সাত লাখের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে ৮ লাখ ৬৪ হাজার নতুন ভোটারকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চূড়ান্ত তালিকার তথ্য অনুযায়ী, কর্নাটকে বর্তমানে ২ কোটি ২৫ লাখের বেশি পুরুষ এবং ২ কোটি ২৯ লাখের বেশি নারী ভোটার রয়েছেন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ২ হাজার ৮৪১ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
এদিকে, ভোটাররা নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েব পোর্টাল ও অ্যাপের মাধ্যমে নিজেদের নাম এবং ভোটার নিবন্ধনের অবস্থা যাচাই করতে পারছেন।
এনএনবাংলা/
