একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ শুরু

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ ২৭ সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদন শেষে আগামী ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সময়সূচি ঘোষণা করেছে।
জানা যায়, যারা আগে আবেদন করেননি, আবেদন করেও কলেজ পাননি, কিংবা মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভর্তি হতে পারেননি, তারা এই ধাপে আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে হলে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়েছে।
ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন অথবা এডিট সম্পন্ন করতে হবে।
এ ছাড়া, দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।
এনএনবাংলা/এফএস
