সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

অনলাইন জুয়া-প্রতারণার অভিযোগ

২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের একটি হোটেল থেকে অনলাইন জুয়া, প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং ৩০ থেকে ৪০টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের ‘হোটেল সি প্যালেসে’ অভিযান চালিয়ে ওই ছয় চীনা নাগরিককে আটক করা হয়। রামু থানায় দায়ের হওয়া একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ওই ছয় চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধসংক্রান্ত একটি মামলা হয়েছে। তবে মামলার নম্বর, আসামিদের নাম কিংবা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, কক্সবাজারে এ ধরনের কার্যক্রমের সঙ্গে আরও অনেক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ চীনা নাগরিক এবং তাইওয়ানের কয়েকজন নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততা কিংবা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। সূত্রটি আরও জানিয়েছে, ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

তবে ওই চীনা নাগরিকরা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন এবং হোটেলে অবস্থানকালে কী ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এনএনবাংলা/