বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শতাধিক অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার সীমান্ত পয়েন্টে পৃথক দুটি অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়।
বসনিয়ার সীমান্ত পুলিশের বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানে সীমান্ত অতিক্রমের সময় ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশির একটি দলকে আটক করা হয়। একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরও ৩৩ জন অভিবাসীকে আটক করা হয়।
অভিযানের সময় সীমান্ত পারাপারে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে মানব পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
ইইউভুক্ত দেশগুলোতে পৌঁছানোর জন্য আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের ব্যবহৃত অনিয়মিত পথগুলোর মধ্যে তথাকথিত ‘বলকান রুট’ অন্যতম। এই রুটে বসনিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টিরও বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড হয়েছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ কম।
এনএনবাংলা/
