সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ব্যর্থতা

টানা দুই হারে জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স। ফাইল ছবি

টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে পরাজয়ের পর দলের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যায়।

এর মধ্যেই কোচের বিতর্কিত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের ঘটনায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল বাফুফে।

বৃহস্পতিবার গভীর রাতে ইমেইলের মাধ্যমে জেরার্ড জোন্সকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

জোন্সকে শুধু দায়িত্ব থেকেই সরানো হয়নি, তাকে তাৎক্ষণিকভাবে হোটেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলের সঙ্গে তার অধ্যায়ের ইতি ঘটল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ডাগআউটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিয়েছিলেন জেরার্ড জোন্স। তার সামনে মূল লক্ষ্য ছিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটানো এবং এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশকে জায়গা করে দেওয়া।

সেই লক্ষ্য সামনে রেখে জুলাই ও আগস্টজুড়ে যশোরে দীর্ঘমেয়াদি ক্যাম্প পরিচালনা করা হয়। দলকে আরও শক্তিশালী করতে বিদেশি বংশোদ্ভূত পাঁচ ফুটবলারকেও যুক্ত করা হয়েছিল। সব মিলিয়ে এএফসি বাছাইপর্ব ঘিরে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে ছিল বড় প্রত্যাশা।

তবে উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে টানা দুই পরাজয়ে সেই প্রত্যাশায় বড় ধাক্কা লাগে। মাঠের ব্যর্থতার পাশাপাশি কোচ জোন্সের আচরণ ও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

এনএনবাংলা/