যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তার বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চান বিক্ষোভকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তারা তার প্রতি ক্ষোভ প্রকাশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলে চিৎকার করেন।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ড. ইউনূস দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।
ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’ তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীর মধ্যে দিয়ে ড. ইউনূস সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে বিভিন্ন মন্তব্য করতে থাকেন এবং প্রতিবাদ জানান।
একপর্যায়ে ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ বিমানবন্দরের ভেতরের অংশে চলে যান।
তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/ইএস
