ক্ষুধা ও খাদ্যসংকটে বিপর্যস্ত পাকিস্তান

অর্থনৈতিক সংকট, খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে এ অঞ্চলে ক্ষুধা মোকাবিলার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তান। ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) ২০২৬’-এর তথ্য তুলে ধরে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এ বছরের প্রতিবেদনের প্রতিপাদ্য ছিল ‘খাদ্যনিরাপত্তা ছাড়া নিরাপত্তা নেই’। ওয়েল্টহাঙ্গারহিলফে, রুহর ইউনিভার্সিটি বোখুমের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ল অব পিস অ্যান্ড আর্মড কনফ্লিক্ট এবং সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা হেলভেটাস যৌথভাবে এটি প্রকাশ করে।
প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় ক্ষুধা নিরসনের অগ্রগতিকে প্রায় স্থবির হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৮ সালের পর পাকিস্তান ও আফগানিস্তানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও উল্লেখ করা হয়।
পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের খাবার কেনার সামর্থ্য কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশটির অর্থনৈতিক অস্থিরতা। ফলে প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে গিয়ে সংকটে পড়ছেন অনেক মানুষ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাকিস্তানে অপুষ্টির মাত্রা ২০১৮ সালের নিম্ন পর্যায় থেকে বর্তমানে মাঝারি পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে শিশুদের তীব্র অপুষ্টির হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এনএনবাংলা/ইএস
