দেশে ফিরেই আওয়ামী লীগকে যে বার্তা দিলেন বাঁধন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দলটির নেতাদের সতর্ক করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। সাময়িকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে তারা আবার রাজনীতি করবে। তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার জন্য পরবর্তীকালে দলটিকে লজ্জিত হতে হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেই বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ এই দল নিয়ে বাঁধন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
বাঁধন বলেন, ‘(আওয়ামী লীগের) যারা আক্রমণ চালাচ্ছেন আমার মনে হয়, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। তারা আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে।’
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যারা দলকে ভালোবেসে এমন করছেন, তারা এমন করবেন না। কারণ আপনাদের পরিবার কষ্ট করবে। দলের নেতারা কিন্তু এটা দেখবে না, তারা আরামে আছে– বসে বসে ভিডিও বার্তা দিচ্ছে।’
অভিনেত্রী বাঁধন বলেন, ‘আমার মনে হয় আক্রমনকারীরা নিজেদের স্থানেই অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাতিতে আমাদের নাম ক্ষুণ্ন হলো ‘
এ সময় ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। ইতালিতে থাকার সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান তিনি।
তবে অভিনেত্রী বাঁধন অভিযোগ করে বলেন, ‘সবাই আমাকে হেল্প করলেও আমার টিম আমাকে ত্যাজ্য করেছে এবং ভেনিসে তাদের সঙ্গে থাকতে নিষেধ করেছে! এরপর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তারা আমাকে বাদ দিয়েছে।’
এনএনবাংলা/এফএস
