সিজেপির পদযাত্রা ঠেকাতে দিল্লিতে ২৫ হাজার পুলিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ বা পতাকা হাতে পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কর্মসূচি ঠেকাতে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সেন্ট্রাল পার্কে সিজেপির এই পদযাত্রা হওয়ার কথা। এ কর্মসূচিকে কেন্দ্র করে পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে আপাতত মেট্রো পরিষেবা বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে তিরঙ্গা মার্চের ডাক দিয়েছে সংগঠনটি। পাশাপাশি, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে তারা।
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা থাকায় সেন্ট্রাল পার্ককে নতুন কর্মসূচির স্থান হিসেবে বেছে নিয়েছে সিজেপি। এতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্মসূচিতে অংশ না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। অন্যদিকে, প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।
সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার অনুরাগ কুমার। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে শেষ পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনী অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এনএনবাংলা/
