বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, বরং দেশটিকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করছে। তিনি বলেন, তারা দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল।
তিনি বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ গড়ে তুলতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা দিতে চায়। তাদের লক্ষ্য নারীরা যেন ঘরে বসে থাকে। এমনকি গার্মেন্টস শ্রমিকদের পাঁচ ঘণ্টা কাজ করিয়ে ঘরে বসিয়ে রাখার কথাও বলা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নারীরা যদি ঘরে বসে থাকে, তাহলে তারা খাবে কীভাবে? কোনও সরকার মানুষকে ঘরে বসিয়ে খাওয়াতে পারে না। এসব কেবল মিথ্যা আশ্বাস ছাড়া কিছুই নয়।
সম্প্রতি জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, যদি তিনি সত্যিই নারীবিদ্বেষী কোনও মন্তব্য করে থাকেন, তবে তা অন্যায় হয়েছে। বাংলাদেশে নারী-পুরুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেবে।
মির্জা ফখরুল আরও বলেন, এ দেশে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি এবং তারা সমান অধিকার ও সম্মান পাওয়ার যোগ্য—যা জামায়াতে ইসলামী চায় না।
তিনি অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও নানাভাবে হুমকি দিচ্ছে। তবে সবাইকে নির্ভয়ে ও সাহসের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতেই। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। প্রতিটি নাগরিকই এই দেশের প্রকৃত মালিক।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ