সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট এবং শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে নানা ধরনের গুজব ছড়ালেও তা যাচাই ছাড়া প্রচার করা হলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, গুজব কারা ছড়াচ্ছে তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যাচাই ছাড়া সেই তথ্য প্রচার করাও বড় সমস্যা। একটি সংবাদ প্রকাশের আগে এর সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়ানো তথ্য অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা বাস্তবতার সঙ্গে মিল নাও থাকতে পারে।
গুজব প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, যারা গুজব ছড়াচ্ছে কিংবা যাচাই ছাড়া তা প্রচার করছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে। এখন পর্যন্ত পরীক্ষার সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
এইচএসসি পরীক্ষার সেশনজট কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধানে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্ধারিত দুই বছরের কোর্স সময়মতো শেষ করে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের অপেক্ষার সময় কমে আসে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে—সে বিষয়েও সমন্বিতভাবে কাজ চলছে।
গুজব প্রতিরোধ ও সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে শিক্ষামন্ত্রী বলেন, সচেতনতা ছাড়া এ ধরনের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে