যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় ইরানের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, খুব শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।
ওয়াশিংটন পুলিশের প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলেনি।
এর আগে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তিনি পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথাও জানান।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘সম্ভাব্য আততায়ী’ ছিল এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। তিনি আরও জানান, ব্যক্তি নিরাপত্তা চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় প্রাণে বেঁচে যান।
প্রেসিডেন্ট আরও বলেন, ঘটনার পর পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে এবং তার মতে ভবনটি খুব বেশি নিরাপদ নয়। তিনি জানান, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করা হবে এবং সেটি আগের তুলনায় আরও আকর্ষণীয়ভাবে আয়োজন করা হবে।
এ ছাড়া পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনাটি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য অত্যন্ত ট্রমাটিক অভিজ্ঞতা ছিল।
প্রেসিডেন্ট আরও জানান, শুরুতে তিনি অনুষ্ঠান ত্যাগ করতে চাননি এবং সেখানে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ