গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
সংঘাত-জর্জরিত গাজায় আশার আলো জ্বালাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মানবিক সহায়তা কর্মসূচি ‘গালান্ত নাইট ৩’-এর অংশ হিসেবে একসঙ্গে ৩০০ জুটির গণবিয়ের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার গাজার দেইর আল বালাহ এলাকায়, আল আকসা মার্টার্স হাসপাতাল সংলগ্ন চত্বরে এই বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, এই গণবিয়েতে অংশ নেওয়া ৩০০ জুটি আগে থেকেই বাগদান সম্পন্ন করেছিলেন এবং তারা সবাই গাজা উপত্যকার স্থায়ী বাসিন্দা। চলতি মাসের শুরুতে প্রায় ১ হাজার ৯৯১ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে জুটিগুলো নির্বাচন করা হয়।
যুদ্ধ ও প্রতিকূলতার মধ্যেও এই আয়োজন বহু মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি হামজা ও আসমা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সামাজিক যোগাযোগমাধ্যমে হামজা বলেন, “যারা দুই হৃদয়কে বিবাহের মাধ্যমে একত্র করেন, তারা ধন্য।” আসমা জানান, এই দিনটি তাদের জীবনের নতুন সূচনার প্রতীক এবং আয়োজকদের প্রতি তারা গভীরভাবে কৃতজ্ঞ।
এর আগে, গত ডিসেম্বর মাসে গাজার খান ইউনিস এলাকায় ৫৪ জুটির জন্য একই ধরনের গণবিয়ের আয়োজন করেছিল ইউএই। দেশটির জাতীয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে সেই উদ্যোগ নেওয়া হয়েছিল।
এনএনবাংলা/
