রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, সরকারকে অবিলম্বে এই সুপারিশ বাতিল করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমানে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এই সুপারিশ প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা জানান, মঙ্গলবার দুপুর থেকে সাতরাস্তায় সড়ক অবরোধ শুরু হয়। তবে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলমান রয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ