দুই দশকের অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক থেকে শুরু করে সিনেমার বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা।
বর্তমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রুনা খান বলেন, “আমি পরিকল্পনা নয়, বরং ভালো কাজের প্রত্যাশা করি। ২০ বছর ধরে আমি এভাবেই কাজ করে আসছি এবং সামনের দিনগুলোতেও এভাবেই কাজ করব। ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রত্যাশা রাখি।”
এ বছর দর্শকরা তার কোন কাজগুলো দেখতে পাবেন—এ প্রশ্নে রুনা জানান, তার বেশ কয়েকটি কাজের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও সম্পন্ন হয়েছে। আরও একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন তিনি।
তিনি বলেন, “এ কাজগুলো এ বছরই দর্শকের সামনে আসার সম্ভাবনা রয়েছে। তবে বছরের ঠিক কোন সময়ে মুক্তি পাবে, সেটা পরিচালক বা প্রযোজকই ভালো বলতে পারবেন। আমার হাতে থাকা সব কাজই এখন মুক্তির জন্য প্রস্তুত।”
ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে রুনা খান বলেন, “আগের তুলনায় এখন কাজের ক্ষেত্র অনেক বেড়েছে। একসময় ছিল শুধুমাত্র বিটিভি। পরে ধীরে ধীরে অনেক টেলিভিশন চ্যানেল যুক্ত হয়েছে। দেশীয় চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও এসেছে। নানা ধরনের গল্প নিয়ে কাজ হচ্ছে। এ বৈচিত্র্য ও সৃজনশীলতার ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে।”
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে রুনা খান জানান, “কাজের বাইরে ব্যক্তিগতভাবে আমার একটাই চাওয়া—পরিবারের সবাই যেন সুস্থ থাকে। আমি পারিবারিকভাবে খুব শান্ত, নদীর মতো নিরিবিলি জীবন যাপন করি। আমার পরিবার এবং আশপাশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কাজ আমার জীবনের মাত্র ১০ শতাংশ, বাকি ৯০ শতাংশজুড়ে আছে পরিবার ও প্রিয়জনরা। পরিবারের সঙ্গে সময় কাটানো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।”
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ