দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান চলাকালেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সূত্র জানিয়েছে, এজাজের মেয়াদ একদিন পর এমনিতেই শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ না বাড়িয়ে তার পরিবর্তে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। সেদিনই এসব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তখন ঢাকা উত্তর সিটির দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।
পরবর্তীতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে উত্তর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানের অংশ হিসেবে এজাজকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। পরে গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের অংশ, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ