অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধ বা ডিঅ্যাক্টিভ করা হচ্ছে না। বরং বাংলাদেশের এক ‘ঐতিহাসিক সময়ের দলিল’ হিসেবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত থাকবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পেজ থেকে দেওয়া এক নতুন পোস্টে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
এর আগে সকালে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছিল, পেজটির নিয়মিত কার্যক্রম আর সক্রিয় থাকবে না। এ ঘোষণার পর নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকে মনে করেন, পেজটি হয়তো পুরোপুরি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হবে। পরে বিকেলে দ্বিতীয় দফায় পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, পেজটি বন্ধ করা হচ্ছে না; কেবল নিয়মিত আপডেট দেওয়া বন্ধ থাকবে।
বিকেল ৩টায় দেওয়া স্পষ্টীকরণমূলক পোস্টে বলা হয়, “ভুল বোঝাবুঝি দূর করতে আগের ঘোষণাটি পরিষ্কার করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থাকবে এবং এর সব কনটেন্ট সবসময় অ্যাকসেসযোগ্য থাকবে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কার্যক্রম সমাপ্ত হওয়ায় পেজটির নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।”
সকালে প্রকাশিত প্রথম পোস্টে গত ১৮ মাসের যাত্রায় সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। সেখানে বলা হয়, “আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের পথচলাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।”
২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর থেকে অফিসিয়াল পেজটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিবৃতি, সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়মিতভাবে প্রকাশ করে আসছিল। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণকে অবহিত করত প্রধান উপদেষ্টার কার্যালয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ