নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ। পরবর্তীতে তাদের পরিবর্তে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।
তবে এবারের আসরে অংশ নিতে না পারলেও বড় সুখবর পেয়েছে টাইগাররা। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে সরাসরি খেলবে তারা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম প্রকাশ করা হয়েছে।
২০২৮ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই স্বাগতিক সুবিধায় সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছিল। আইসিসির নির্ধারিত নীতিমালা অনুযায়ী, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আট দলও ২০২৮ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।
চলতি আসর থেকে বাদ পড়া দলগুলোর মধ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সুপার এইটের আট দলসহ মোট ৯টি দল সরাসরি জায়গা নিশ্চিত করেছে। তাদের বাইরে আইসিসি র্যাঙ্কিংয়ে (৯ মার্চ ফাইনালের পরদিন পর্যন্ত) পরের তিনটি স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
সব মিলিয়ে ২০ দলের এই টুর্নামেন্টে ১২টি দল সরাসরি খেলবে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক শক্তির ভিত্তিতে কোটার সংখ্যা নির্ধারণ করা হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ