একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যার সমাধান আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমেই করতে চায় সরকার। পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন সংসদ অধিবেশন পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করে চিফ হুইপ বলেন, বিরোধী দল যেন সংসদে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করে। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে সরকার স্বাগত জানাবে বলেও জানান তিনি।
এ সময় নবগঠিত সংসদের কার্যক্রম ও আচরণবিধি নিয়েও সাংবাদিকদের সামনে বিস্তারিত ধারণা দেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হবে। সংসদের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তিনি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রম শুরু হবে এবং সর্বসম্মতিক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানান তিনি।
ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে এই পদে কোনো নাম বা প্রস্তাব দেওয়া হয়নি।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর সংসদের এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন সংসদ জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে—এখন সেই দিকেই তাকিয়ে আছে দেশবাসী।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ