শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে। এদিন তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নাগরিকদের শক্তিশালী করে দেশকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তার মতে, নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না; তাই সরকার মানুষের ক্ষমতায়নকেই অগ্রাধিকার দিচ্ছে।
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর দেশ গঠন করা সম্ভব হবে।
এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ফ্যাসিবাদী শক্তি যেন দেশের স্বাধীনতা আবারও কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, ধর্মীয় গুরুদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য আজ থেকে একটি নতুন পাইলট প্রকল্প চালু করা হয়েছে। সরকারের লক্ষ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার বিষয়েও সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ‘ফারমারস কার্ড’ বা কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হবে।
অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের আগে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন এই পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ