এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার বিকেলে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে ছিলেন শামস সুমন। সর্বশেষ তিনি ‘রেডিও ভূমি’-তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দায় সমানভাবে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে আর দেখা যাচ্ছিল না।
রাজশাহীতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন।
তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য— মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃতি।
২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ