কুমিল্লায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাত প্রায় পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম।
আহতদের বরাতে জানা যায়, ঢাকাগামী একটি “ওয়ান আপ” ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌঁছালে চট্টগ্রামমুখী “মামুন স্পেশাল” পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন জানান, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে সামনে ঠেলে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বই থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতরা হলেন—
মো. বাবুল চৌধুরী (৫৩), লাইজু আক্তার (২৬), খাদিজা (৬), মরিয়ম (৪), সোহেল রানা (৪৬), সিরাজুল ইসলাম (৬২), কোহিনূর বেগম (৫৫), নজরুল ইসলাম রায়হান (৩৩), সায়েদা (৯), জোয়াদ বিশ্বাস (২০), ফচিয়ার রহমান (২৬) এবং তাজুল ইসলাম (৬৮)।
তাদের বাড়ি নোয়াখালী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, লক্ষ্মীপুর, মাগুরা ও চাঁদপুর জেলায়।
ঘটনার পর সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ