সংবিধান পরিবর্তন ও সংশোধন এখন জাতির দাবি—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বের বহু দেশে সংবিধান পরিবর্তন হয়েছে, তাই বাংলাদেশের ক্ষেত্রেও জনগণের দাবি অনুযায়ী দ্রুত সংস্কার প্রয়োজন।
রোববার (২২ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, গত নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। তার ভাষায়, “গণভোটের একটি অংশ বাস্তবায়ন হলেও আরেকটি অংশ উপেক্ষিত রয়ে গেছে।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ব্যক্তিকে নিয়ে আমাদের আপত্তি রয়েছে। তিনি কার্যত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে আমরা মনে করি।” এ অবস্থা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি ও তাদের সমমনা মহলে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তি রয়েছেন।
সরকারের ইতিবাচক কাজকে সমর্থন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে আমরা তা মেনে নেব না এবং নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ চালিয়ে যাব।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান।
এছাড়া গত নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, তারা নির্বাচন বর্জন করেননি, বরং ফলাফল মেনে নিয়েছেন। টিআইবি ও সুজনের মতো সংগঠনের প্রতিবেদনগুলো নির্বাচন মূল্যায়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ