সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছেছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ বন্দরে ভিড়বে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, ‘ইয়ান জিং হে’ ভোরে বহির্নোঙরে পৌঁছেছে এবং অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেওয়া হবে। এছাড়া রাতে আরও একটি জ্বালানি তেলবাহী জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি ২৭ হাজার টনের কিছু বেশি ডিজেল বহন করছে এবং এটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে রাতে পৌঁছাবে।
বন্দর সূত্রে জানা গেছে, মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে আসে ১৫টি জাহাজ, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আসে ৮টি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে ৯টি জাহাজ।
আগামীকাল বন্দরে এলএনজি বহনকারী আরও একটি জাহাজ আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ