দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১১ শিশুর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। বাকি শিশুদের মধ্যে হামের উপসর্গ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে ১ হাজার ৩৯৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৬ হাজার ৮৮৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৮৬ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও ৪৯৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ