রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আজকের শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিয়োজিত আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের পক্ষে শুনানি উপস্থাপন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় দায়ের করা এই মামলায় তাকে আসামি করা হয়। মামলাটিতে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছিল এবং এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। তবে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে, সংশ্লিষ্ট ঘটনায় ড. শিরীন শারমিন চৌধুরীর প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন জানায় এবং আসামিপক্ষ জামিনের আবেদন করে। সেদিন আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ একই মামলায় সাবেক এই স্পিকার জামিন লাভ করেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ