দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি পোস্টে লিখেছেন, প্রায় ৩৪ বছর ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো ধরনের সরাসরি যোগাযোগ হয়নি, আর সেই দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবারই (আজ) তাদের মধ্যে আলোচনার সূচনা হতে যাচ্ছে, যা তিনি ‘দারুণ ব্যাপার’ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
এদিকে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। এই সংঘাতের ফলে দেশটির অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে, লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—এমন দাবি করা হয়।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করার প্রতিবাদেই তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ