সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনাও ছিল না এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। এ ধরনের কোনো আলোচনা বা অভিযোগও ওঠেনি বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে আগে থেকেই যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলো গণমাধ্যমে বারবার প্রচারের ফলে দেশবাসী অবগত হয়েছে যে এবারের পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থাকবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে—এটি সত্যিই আশাব্যঞ্জক। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আগামী পরীক্ষাগুলোতেও একইভাবে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি নিজে ও তার টিম পরবর্তী পরীক্ষাগুলো নিবিড়ভাবে মনিটরিং করবেন বলেও জানান।
তিনি বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য কারও কাছে থাকে, তবে তা দ্রুত তাকে জানানোর অনুরোধ করেন।
এহছানুল হক মিলন আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি যানজটের কারণে দেরি করে ফেলে, তাহলে তাকে মানসিকভাবে শান্ত করে দ্রুত কেন্দ্রে পৌঁছানোর বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া আছে। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়টি সবাই গুরুত্বের সঙ্গে দেখবে।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের বিশেষ অনুরোধে পরীক্ষা কেন্দ্রগুলো সকাল ৮টা থেকেই খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা আগে এসে কেন্দ্রে প্রবেশ করতে পারে। তবুও কেউ দেরি করলে যেন তারা বিভ্রান্ত বা ভীত না হয়—এ বিষয়ে সহযোগিতা করাই সবার প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ