




বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসকের বরাত দিয়ে জানানো হয়, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত’ এবং দেউলী ইউনিয়ন ভেঙে ‘দিগন্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে।
তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক দেখা দেয়। স্থানীয়দের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে।
একইভাবে তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ।
এনএনবাংলা/
Tags: ইউনিয়নের নাম পরিবর্তনপ্রধানমন্ত্রীর নির্দেশবগুড়াবাংলাদেশ রাজনীতি
এ সম্পর্কিত আরও পড়ুন