Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রকল্পের ধরন ও সম্ভাবনা অনুযায়ী ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি নিরপেক্ষ কমিটি প্রকল্প মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রকল্প মূল্যায়নের ভিত্তিতে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় জামানত বা কাগজপত্রের অভাবে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। এ সমস্যা দূর করতে অর্থায়নের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা যাচাই করেই তারা অর্থায়নের সিদ্ধান্ত নেবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটি প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করেই অর্থায়নের সিদ্ধান্ত দেবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহি নিশ্চিত করা হবে। তবে কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারলেও যদি তার সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয় দফায় অর্থায়নের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের আশা, এই প্ল্যাটফর্ম উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি করবে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ৫০০ কোটি টাকার এই স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।

এনএনবাংলা/