Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারকে বিব্রত করতে একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃতপক্ষে শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তার ভাষায়, “সরকার এখন পর্যন্ত বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না।”

তিনি জানান, ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় সীমিত পরিসরে এমন কর্মসূচি দেখা গেছে। তার মতে, অংশগ্রহণকারীর সংখ্যা খুব বেশি নয়; তবে গণমাধ্যমে প্রচার পাওয়ায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে। তাই এ বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে অস্বস্তিতে ফেলতে কিছু মহল নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ইস্যুকে সামনে আনার চেষ্টা করছে। আন্দোলনে অংশ নেওয়া অনেকের পরিচয় যাচাই করে দেখা গেছে, তারা শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

এ সময় জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এনএনবাংলা/