




৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত সমতাসূচক গোলের মাত্র তিন মিনিট পর লাউতারো মার্তিনেজের জোড়ালো হেডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ সাত মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর এই জয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় আলবিসেলেস্তেরা। আগামী ২০ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
প্রথমার্ধে দুই দলই গোলের দেখা না পেলেও বিরতির পর ম্যাচের গতি অনেক বেড়ে যায়। ৪৭তম মিনিটে হুলিয়ান আলভারেজের জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে ইংল্যান্ডকে রক্ষা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এরপর দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে।
৫৫তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসের সূচনা করা আক্রমণ থেকে মরগান রজার্স ডান দিক দিয়ে দারুণ একটি ক্রস বাড়ান। নাহুয়েল মোলিনাকে ফাঁকি দিয়ে অ্যান্থনি গর্ডন নিখুঁত ফিনিশে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে নিজেদের অর্ধেই চাপে রাখে। ৬৯তম মিনিটে নিকোলাস গনসালেসের শক্তিশালী হেড দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন পিকফোর্ড।
৭৩তম মিনিটে রদ্রিগো ডি পলকে মাঠে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন স্কালোনি। সেই পরিবর্তনের প্রভাবও দেখা যায় দ্রুত। ৭৬তম মিনিটে ডি পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। পর মুহূর্তেই আরেকটি নিশ্চিত হেডও অসাধারণ দক্ষতায় রুখে দেন পিকফোর্ড।
তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের রক্ষণ ভেঙে পড়ে আর্জেন্টিনার লাগাতার চাপে। ৮৫তম মিনিটে মেসির নেওয়া শর্ট কর্নার থেকে বল ফিরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।
সমতাসূচক গোলের পরও আক্রমণের ধার কমায়নি আলবিসেলেস্তেরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রসে জন স্টোনস ও রিস জেমসের মাঝখান দিয়ে উঠে এসে শক্তিশালী হেডে বল জালে জড়ান লাউতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
বাকি সময়ে মরিয়া চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ সাত মিনিটে দুই গোল হজম করে আবারও শিরোপার স্বপ্ন ভেঙে যায় থমাস টুখেলের দলের।
এনএনবাংলা/
Tags: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনাফাইনাল
এ সম্পর্কিত আরও পড়ুন