



প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র যদি তার নাগরিকদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে শুধু জনগণ নয়, রাষ্ট্রও দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য বিশেষ কার্ডের মতো বিভিন্ন সুবিধা কোনো দয়া বা অনুগ্রহ নয়; এগুলো নাগরিকদের প্রতি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি জানান, ভবিষ্যতে এসব পৃথক কার্ডের পরিবর্তে একটি সমন্বিত ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে। এই একক কার্ডের মাধ্যমে নাগরিকরা সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেটের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের কৃষিখাত, প্রান্তিক কৃষকদের অধিকার এবং তাদের দীর্ঘদিনের সংকটের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন। নিজেকে একজন কৃষকের সন্তান উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া থাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী জানান, এর আওতায় সারা দেশের প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ সব বকেয়া কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এটি শুধু ঘোষণায় সীমাবদ্ধ নয়, বরং কৃষকরা ইতোমধ্যেই এর সুফল পাচ্ছেন। সাধারণ মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সফল করতে দেশের সব রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। তিনি জানান, আগের দিন এক বিরোধীদলীয় সংসদ সদস্য নিজ এলাকায় ফ্যামিলি কার্ড কবে চালু হবে—এ বিষয়ে জানতে চেয়েছেন, যা তাকে আশাবাদী করেছে।
ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি সমর্থন জানানোর জন্য বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলের সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এনএনবাংলা/
Tags: ইউনিভার্সাল কার্ডতারেক রহমানপ্রধানমন্ত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন