Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে তারা সড়ক ছেড়ে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, “রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা জনগণের কষ্ট চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আমাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আজ রাত ১০টার মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামীকাল সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।”

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। ওইদিন রাত পৌনে ১০টার দিকে তারা ঘোষণা দেন, বুধবার নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে বেলা ৩টা থেকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

সেই ঘোষণা অনুযায়ী বুধবার বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। এরপর সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি পালনের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নেন এবং সন্ধ্যা ৬টা থেকে গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করেন।

শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম বলেন, শিক্ষামন্ত্রী তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। তার অভিযোগ, প্রায় প্রতিটি প্রশ্নপত্রেই ভুল রয়েছে। তিনি বলেন, “মন্ত্রী বলেছেন যারা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন তারা পূর্ণ নম্বর পাবেন। কিন্তু যারা উত্তরই করেননি, তাদের কী হবে? এভাবে কোনো পরীক্ষা হতে পারে না। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।”

শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, “এখন আমাদের একটাই দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যিনি শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে অবহেলা করছেন, তার আর দায়িত্বে থাকার সুযোগ নেই।”

অবরোধ চলাকালে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এনএনবাংলা/