৯ জেলায় বন্যার শঙ্কা, ৬ নদীর পানিতে প্লাবিত হবে নিম্নাঞ্চল

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলাতেও বন্যার শঙ্কা রয়েছে।
বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বন্যা তথ্য কেন্দ্রের পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে বর্তমানে তিনটি নদীর চারটি স্টেশনের পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এগুলো হলো কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।
এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এনএনবাংলা/
