গাজী নজরুলের ভাইরাল ভিডিও, তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নজর রাখছে দলটি। বিষয়টি নিয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে নজর রাখছে।
এতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জামায়াত জানায়, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নেওয়ার পর দলটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
প্রসঙ্গত, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ২০ জুলাই রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
এনএনবাংলা/
