নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।
জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে দলীয় তদন্ত শেষে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
এনএনবাংলা/
