Skip to content

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল, তবে সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ার পর তিনি সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার। তার ফিরতি টিকিট ২৬ জুলাইয়ের জন্য নির্ধারিত থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য প্রক্রিয়াকে সামনে রেখে তাকে শুক্রবারই দেশে ফিরতে বলা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যদিও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, টিকিট হাতে না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সময় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। ফলে রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করতে স্পিকারের দেশে উপস্থিত থাকা সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ।

এদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

এনএনবাংলা/