ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁও পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি।
এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাগরিক সংবর্ধনা কমিটি ও স্থানীয় প্রশাসন। সেখান থেকে মা-বাবার কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান তিনি।
এর আগে সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
জিয়ারত ও মুনাজাত শেষে ঠাকুরগাঁও শহরে কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যান রাষ্ট্রপতি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রং করার কাজও করা হয়েছে।
একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান এবং তাঁর চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রাষ্ট্রপতির আগমন ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে অনেকে অপেক্ষা করছেন।
সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এরপর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
চলতি বছরের ২০ আগস্ট জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম নিজ জেলা সফর।
ঠাকুরগাঁও সফরের প্রথম দিনে আজ (রবিবার) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তার সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এনএনবাংলা/এফএস
