গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি দ্রুতগামী বাস চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে বাসটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী প্রাণ হারান। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি এবং চিকিৎসাধীন অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএনবাংলা/এফএস
